এসএসসির হলে নকল সরবরাহের সময় দুই শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস এবং উত্তর সরবরাহের সময় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাৎ হোসেন (৪৫) ও সুখরঞ্জন দাস (৫৫)।

শাহাদাৎ হোসেন উপজেলার ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুখরঞ্জন দাস উনকোট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্র সচিব ও মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল বাদী হয়ে পাবলিক পরীক্ষা আইনে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার উপপরিদর্শক আলমগীর হোসেন। এর আগে রবিবার সকালে গণিত পরীক্ষা চলাকালে উপজেলার মুন্সীরহাট বাজারস্থ মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই দুই শিক্ষক অ্যাপসের মাধ্যমে প্রশ্নপত্র এনে তার উত্তর লিখে শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন বলে অভিযোগ। বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘অভিনব কায়দায় মোবাইলে প্রশ্নপত্র সংগ্রহ করে উত্তর সরবরাহ করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিদের্শে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে দুই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত