হত্যার ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা আবুল খায়ের আরাফাত ওরফে জুয়েলকে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাকে কারাগারে পাঠান। বন্দর থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফজলুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পার্শ্ববর্তী এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে জোরপূর্বক তুলে আনা হয়। তারপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে আরাফাতসহ আরো দুজন। এ সময় ঐ তরুণকে মারধর করা হয় বলেও মামলা নথিতে উল্লেখ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন আদালতে বন্দর থানার দায়িত্বরত নিবন্ধন কর্মকর্তা ফজলুল রহমান জানান, থানায় অভিযোগ দায়েরের পর গতবছরের ৩১ মে পর্যন্ত বিষয়টির তদন্ত করে বন্দর থানা পুলিশ। এরপর যথাযথ আলামত ও প্রমাণ সাপেক্ষে বিচারের জন্য মামলাটি আদালতে প্রেরণ করা হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারি) আসামি হাজির হলে তাকে হাজতে প্রেরণ করেন মহামান্য আদালত।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি অংশের প্রচ্ছন্ন মদদে আবুল খায়ের আরাফাত দিনের পর দিন ক্যাম্পাসে নানা অপরাধ সংগঠিত করছে বলে অভিযোগ রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সমর্থিত ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে আরো একাধিক মামলার ডজনখানেক আসামি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া।
আসামিদের নিয়ে সভা করার কারণ জানতে উপাচার্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বিষয়টি শুনেই তিনি ফোন কেটে দেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে নানা অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। সেখানে কমিটি করার সময় বিতর্কিত কাউকে রাখা হবে না।