শিক্ষা সফরের বাসে মদপান, দুই শিক্ষক বরখাস্ত

মাদারীপুরের শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

দুই বরখাস্তকৃত শিক্ষক হলেন-সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান। আজ সোমবার রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে গত শনিবার(২৪ ফেব্রুয়ারি) শিক্ষা সফরে যান বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক।  শিক্ষা সফরের উদ্দেশে নারায়নগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় বাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ্য পান করেন। এ সময় শিক্ষকদেরও শিক্ষার্থীদের সাথে মদের বোতলসহ দেখা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, 'ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। কালকের মধ্যে সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।'

তবে  বরখাস্ত হওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।