ক্রিকেটারদের টানতে টেস্ট ম্যাচ ফি বাড়াচ্ছে ভারত

ক্রিকেটের কুলিন সংস্করণের দিকে ক্রিকেটারদের আগ্রহী করে তোলার দিকে মনোযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাই বাড়ানো হচ্ছে টেস্ট ম্যাচের ফি। পাশাপাশি অতিরিক্ত প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করছে। 

ইশান কিষান ও শ্রেয়াস আইয়ার ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে অনাগ্রহ দেখিয়ে স্বীকার আসন্ন ২০২৪ আইপিএলের প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছিলেন। তারপরই এই পদক্ষেপটি এসেছে। 

বিসিসিআই সচিব জয় শাহের একাধিক হুঁশিয়ারি সত্ত্বেও লাল বলের ক্রিকেটের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে এই জাতীয় খেলোয়াড়দের পুরোপুরি বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হলেও গায়ে মাখেননি ক্রিকেটাররা।

বর্তমানে টেস্ট প্রতি ম্যাচ ফি ১৫ লাখ, ওয়ানডে পিছু ৬ লাখ এবং টি-টোয়েন্টি প্রতি ৩ লাখ রুপি। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটের জন্য বেতন কাঠামোতে একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়াও, এক বছরে দেশের হয়ে সব টেস্ট সিরিজে খেলা খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি ফির উপরে অতিরিক্ত প্রণোদনা দেওয়ার কথা ভাবা হচ্ছে।