বাইডেন

রমজান মাসে গাজায় যুদ্ধ চালাবে না ইসরায়েল

আসন্ন পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে হামলা চালাবে না ইসরায়েল, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন বার্তাসংস্থা এনবিসির এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন এই প্রেসিডেন্ট। খবর রয়টার্স।

রয়টার্স জানায়, সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘রমজান আসছে এবং ইসরায়েল-হামাস চুক্তিতে পৌঁছালে রোজার মাসে গাজাতে কোন ধরনের হামলা চালাবে না ইসরায়েল, যাতে করে তাদের জিম্মিদের বের করার জন্য সময় পাওয়া যায়’।

এ সময় বাইডেন আশা প্রকাশ করেন যে ৪ মার্চের মধ্যে গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে।

এর আগে বাইডেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে তথ্য পেয়েছি, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছিই আছি তবে এখনও কিছু কাজ বাকি। তবে আমি আশাবাদী যে আগামী সোমবারের মধ্যেই সেটি কার্যকর হতে পারে’।

বিপুল সংখ্যক নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়, এর ফলে বৈশ্বিক সমর্থন হারাতে পারে ইসরায়েল -- এমন হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। তিনি এটাও মনে করিয়ে দেন, হামাসের ওপর তীব্র হামলা চালানোর আগে গাজার দক্ষিণে রাফাহ এলাকায় ফিলিস্তিনিদের চলে যাওয়ার নির্দেশটা ইসরায়েলই দিয়েছিল।

এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে, ইতিমধ্যেই গাজায় যুদ্ধবিরতির জন্য একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে হামাসের কাছে, এবং তারা এই প্রস্তাব পর্যালোচনা করছে। বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হাসপাতাল এবং বেকারি মেরামতের সুযোগ দেওয়া হবে, এবং প্রতিদিন গাজায় ত্রাণ নিয়ে প্রবেশ করতে পারবে শ’খানেক ট্রাক।

খসড়াটিতে আরও বলা হয়েছে, হামাস নারী, ১৯ বছরের কম বয়সী শিশু, ৫০ বছরের বেশি বয়স্ক এবং অসুস্থসহ ৪০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েল প্রায় ৪০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং তাদের পুনরায় গ্রেপ্তার করবে না বলে সূত্রটি রয়টার্সকে জানিয়েছে।

সাক্ষাৎকারে বাইডেনা আরও বলেছেন যে, একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হলে ফিলিস্তিন তাদের নিজস্ব রাষ্ট্রের জন্য একটি প্রক্রিয়া শুরু করবে। যদিও এর আগে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রসঙ্গ উঠলে তা নাকচ করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।