ভারতের বিহারে বিয়েবাড়ির খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কনেসহ অন্তত ৫০ জন। খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রাথমিক চিকিৎসার পর তাদের কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার বিহারের ভোজপুরে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে কনেসহ অতিথিদের একাংশ। এর মধ্যে ৪০ জনের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই তাদের স্থানীয় ও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থদের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. এ আনসারি বলেন, খাবারে বিষক্রিয়ার জেরে ওরা অসুস্থ হয়ে পড়ে। তবে কীভাবে বিষক্রিয়া হল, তা এখনো স্পষ্ট নয়। আমরা ৪০ জনেরও বেশি লোককে চিকিৎসা দিয়েছি। আরও ডজনখানেক রোগী সদর হাসপাতালে পাঠিয়েছি।