অনলাইনে ৬৫ টাকায় চার ডজন ডিম কিনতে গিয়ে খোয়ালেন সাড়ে ৬৩ হাজার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম

৬৫ টাকায় বিক্রি হচ্ছে চার ডজন ডিম! লোভনীয় অফারই বলতে হয়। আর সেই ডিম কিনতে গিয়ে সাড়ে ৬৩ হাজার টাকা খোয়ালেন  ৩৮ বছর বয়সী এক নারী। ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাইবার অপরাধীরা বেশ কিছুদিন ধরে অনলাইন শপিংয়ে লোভনীয় অফার দিচ্ছে। সেই ফাঁদে পা ফেলে সাড়ে ৬৩ হাজার টাকা খোয়াতে হলো এক নারীকে। তিনি ৬৫ টাকায় ৪৮টি ডিম কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি।

ওই নারী বেঙ্গালুরুর বসন্তনগরের বাসিন্দা। একটি ইমেল বিজ্ঞাপনে তিনি দেখতে পান, জনপ্রিয় একটি প্রতিষ্ঠান পানির দরে ডিম বিক্রি করছে। ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, বিজ্ঞাপনে শপিংয়ের একটি লিংক দেওয়া ছিল। তিনি সেখানে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যায়।

সেখানে মুরগি পালনের বিস্তারিত বিবরণ এবং ডিমের প্রশংসা লেখা ছিল, যা পড়ে তিনি মুগ্ধ হন। স্ক্রল করতে করতে নিচের দিকে দেখেন অসংখ্য অফার দেওয়া রয়েছে। সেখানে ছিল আট ডজন ডিম ১৩১ টাকায়, নেই কোনো ডেলিভারি চার্জও। তবে ওই নারী চার ডজন ডিমের অফারটি নেন।

নাম-ঠিকানা, ফোন নম্বর লিখে অর্ডার দিতেই পেমেন্ট অপশনের পেজ আসে। সেখানে ক্রেডিট কার্ডের অপশনই দেওয়া ছিল। ওই নারী কার্ডের নম্বর ডিটেলসসহ বসান। এরপর ওয়ানটাইম পাসওয়ার্ড আসে। কিন্তু ওটিপি বসানোর আগেই তার কার্ড থেকে সাড়ে ৬৩ হাজার কেটে নেওয়া হয়।

এরপরেই ব্যাংক থেকে তার কাছে একটি ফোন আসে। প্রশ্ন করা হয়, এই পারচেজ তিনি করেছেন কিনা। তিনি প্রতারণার শিকার হয়েছেন বলার পর কার্ডটি ব্লক করে দেওয়া হয়। ভুক্তভোগী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত