বগুড়ায় সরিষাক্ষেতে অজ্ঞাত মরদেহ

বগুড়ার নন্দীগ্রামে সরিষাক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সিনজানি গোয়ালিয়া মাঠের সরিষাক্ষেত থেকে মরদেহ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সিনজানি গোয়ালিয়া মাঠে সরিষা কাটার সময় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে অজ্ঞাত কিশোরকে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমগীর হোসাইন আজম বলেন, খবর পেয়ে সরিষার ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা যাবে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।