বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এজন্য ঢাকায় ও চট্টগ্রামে নতুন রাডার বসানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী ওসমানী বিমানবন্দরের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বিমানবন্দরে উন্নত রাডার স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সকল সমস্যার সমাধান হবে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,পৃথিবীর সব জায়গার উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। আমাদের দেশে ডলার সংকট ও আন্তর্জাতিক কিছু সংকট রয়েছে। সে জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে।
এ সময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মিত কার্গো টার্মিনালের কাজের খবরাখবর নেন এবং টার্মিনালের নকশা দেখে কাজের দিকনির্দেশনা দেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ঢাকায় ও চট্টগ্রামে নতুন রাডার বসানো হয়েছে। এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস স্থাপনের বাকি রয়েছে। বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ বিমানবন্দরের পদস্থ কর্মকর্তারা।