রামেকে নবজাতক রেখে পালালেন বাবা-মা 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) এক নবজাতককে অসুস্থ অবস্থায় রেখে পালিয়েছে তার বাবা-মা। গত শনিবার বিকেলে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নবজাতকটিকে চিকিৎসাধীন অবস্থায় রেখে তারা পালিয়ে যান। শিশুটির শারীরিক সমস্যা থাকায় সোমবার রাতে ডাক্তাররা তার অপারেশন করেছে। শিশুটি বর্তমানে সমাজসেবার অধীনে রামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম অহমেদ বলেন, শনিবার ৩০ বছর বয়সী দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসে। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা পালিযে যায়। তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যায়নি। এরপর বিষয়টি থানায় জানালে আদালতের মাধ্যমে সমাজসেবায় শিশুটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাচ্চাটির প্রয়োজনীয় চিকিৎসা দিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের নির্দেশ প্রদান করা হয়েছে। হাসপাতাল ও সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনাও দিয়েছি। হাসপাতাল সমাজসেবা কার্যালয় থেকে শিশুটিকে প্রয়োজনীয় ওষুধ, পোশাক, বেড, কোলবালিশ প্রদান করা হয়। পরীক্ষায় শিশুটির একটি জন্মগত ত্রুটি ধরা পড়েছে।  এটি জানার সঙ্গে সঙ্গে সোমবার শিশুটির দ্রুত অপারেশনের নির্দেশনা দিয়েছি। তার অপারেশনও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে ভর্তি রয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে ছোটমনি নিবাসে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী ছোট মনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক রোকসানা খাতুন বলেন, শিশুটির খোঁজ আমাদের সমাজসেবা প্রবেশনারি অফিসারের মাধ্যমে জানতে পারি। সে এখনো অসুস্থ। আমরা তার খাবার ও কাপড়েরর ব্যবস্থা করেছি। শিশুটি সুস্থ হলে তাকে শিশু মনি নিবাসে নেওয়া হবে।