বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সাজ্জাদুল হাসান এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাজ্জাদুল হাসান এমপির কর্মময় জীবন নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন দিক নিয়ে সার্বিক আলোচনা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং বিমান বোর্ডের সদস্য ব্যারিস্টার তানজিবুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ।