ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড সঙ্গে ঢাকা ব্যাংকে মধ্যে এক স্বাস্থ্যসেবার সমঝোতা হয়েছে। সম্প্রতি শহরের চকবাজারে এপিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতার চুক্তি স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান বলেন, ঢাকা ব্যাংকের সঙ্গে এই সমঝোতা চুক্তি স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল হেড মো. জাহাঙ্গীর আলম বলেন, এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবার সুযোগকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের উদ্যোগ কর্মীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে এপিক হেলথ কেয়ার ও ঢাকা ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলো, যা প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু ও শাহরিয়ার ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা ব্যাংকের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ডিভিশনের ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম ও সিডিএ এভিনিউ শাখার ম্যানেজার-ইন-চার্জ সাবিহা জামাল উপস্থিত ছিলেন।