উষাকে হারিয়ে মোহামেডানের সামনে আবাহনী

ক্লাব কাপ হকিতে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আবাহনী লিমিটেড ৬-২ গোলে হারিয়েছে উষা ক্রীড়া চক্রকে। তাতে ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে দুই চীর বৈরী আবাহনী ও মোহামেডানের। ফাইনালে ওঠার লড়াইয়ে দু'দল মুখোমুখি হবে ২৯ ফেব্রুয়ারি। অপর সেমিফাইনালে মেরিনার্সের প্রতিপক্ষ আজ ম্যাচ হেরে বি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ওঠা উষা।

এক বিদেশী নিয়ে খেলা উষার গোলের দরজা খুলতে বেগ পেতে হয়েছে চার বিদেশী নিয়ে খেলা আবাহনীকে। প্রথমার্ধে গোল করতে পারেনি আকাশীরা। তবে এরপর আবাহানীর হয়ে গোল করেন রাকিবুল হাসান, হুজাইফা হোসেন, যুবরাজ বাল্মিকি, আশরাফুল ইসলাম, আব্রাহাম বেলিমাগ্গা ও ফরহাদ হোসেন শিটুল।

উষার পক্ষে মাহবুব হোসেন দুই গোল শোধ দেন।

আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুবু হারুন মোহামেডানের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে বলেন, 'সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে ম্যাচ। আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। আর মোহামেডানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তাদের খেলা আমরা দেখেছি। আশা করছি তাদের হারিয়েই ফাইনালে যাবো।'