আগামী ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইসলামি দেশগুলো। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্য অনুযায়ী, ইসলামি বিশ্বের প্রায় সব দেশে আগামী ১০ মার্চ শাবান মাসের চাঁদ সূর্যাস্তের পর অস্ত যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে অনেক দেশে ১১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে।
ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্য সব মাসের মতো রমজান মাসও শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। যদিও নতুন চাঁদের দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ১০ মার্চ রমজান মাসের নতুন চাঁদ দেখা অসম্ভব বলে ধারণা করা হচ্ছে। খবর খালিজ টাইমসের।
অনেক গবেষক ওই দিন খালি চোখে কিংবা টেলিস্কোপ ব্যবহার করেও রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলে নতুন চাঁদ দেখা যেতে পারে।
অবশ্য ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে আগামী ১২ মার্চ রমজান মাস শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। গত ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাত জানায়, ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে। সেই অনুযায়ী আমিরাতে রমজানের শেষ দিন হবে ৯ এপ্রিল।