রমজান শুরু কবে?

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসাবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সিঙ্গাপুরের মুসলমানরা ওই দিন থেকেই রোজা ও তারাবিহ শুরু করবেন।

অন্যদিকে ব্রুনেই জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে দেওয়া ঘোষণায় দেশটির শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, ব্রুনেইতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়াও জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব আমিরাতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ দেখা যাবে কি না-তা নির্ভর করে সূর্যাস্তের সময় দিগন্তে চাঁদের উচ্চতা এবং সূর্যের সঙ্গে তার কৌণিক অবস্থানের ওপর। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে গলফ নিউজ জানিয়েছে, নতুন চন্দ্রমাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ শিগগিরই আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির সঙ্গে বৈঠকে বসবে।

তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে রমজান মাসের সূচনা নির্দেশক নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামি দেশে দেখা যাবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বহু শহরে ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা কার্যত অসম্ভব হবে। সংস্থাটির তথ্যে বলা হয়েছে, আবু ধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে। একইভাবে রিয়াদে সূর্যাস্তের প্রায় ৩৭ সেকেন্ড আগে চাঁদ ডুবে যাবে।  

এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি শহর-দোহা, মানামা এবং কুয়েত সিটিতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। তবে এই স্বল্প সময়ের ব্যবধানে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকাশিত তালিকায় একমাত্র ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের হুনুলুলুর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাত্ত্বিকভাবে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে সেটিও অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশের শর্তে, কেবল দূরবিনের সহায়তায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত