ডেভিড হেম্পকে জাতীয় দলের নতুন ব্যাটিং আর নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামী দুই বছরের জন্য দুই কোচের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। আসন্ন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ থেকে এই দুজনকে পাচ্ছেন নাজমুল হোসেন শান্তর দল।
হেম্প প্রায় ৯ মাস ধরে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের লেভেল-৪ কোচিং করেছেন। বারমুডার হয়ে ২৪ ওয়ানডে খেলা হেম্পের ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন, ফ্রি স্টেইট ও ওয়ারউইকশায়ারের হয়ে সাড়ে ১৫ হাজারের অধিক রান করেছেন।
এইচপি দলের দায়িত্ব নেওয়ার আগে ২০২০-২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেন হেম্প। তাছাড়া ভিক্টোরিয়া স্টেইট নারী দল ও নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৭৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯২ উইকেট নিয়েছেন অ্যাডামস। সুইং বোলিংয়ের জন্য খ্যাতি ছিল তার। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪৭ ম্যাচ। ২০১৫ সালে খেলা ছাড়ার পর প্রায় দশকব্যাপী কোচিং ক্যারিয়ারে গত মাসে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে। ২০২২-২৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুজের বোলিং কোচ ছিলেন তিনি।