অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো মেরুদণ্ড আলাদা করা শিশু নুহা ও নাভা ভালো আছে। কুড়িগ্রামের এই শিশু দুটি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। অপারেশন পরবর্তী সুস্থতার যতগুলো নির্দেশক আছে তার সবগুলোই তাদের মধ্যে আছে।
আজ বুধবার দুপুর ১২টায় (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিশু দুটিকে পোস্ট অপারেটিভ অবস্থায় দেখতে গিয়ে এসব তথ্য জানান।
এ সময় উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের গর্ভে মেরুদণ্ডে জোড়া লাগানো কন্যা সন্তান নুহা ও নাভার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। অপারেশন পরবর্তী অবস্থায় এই দুই শিশুকে খুব সতর্কভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর দোয়ায় তারা এখন ভালো আছে। সামনের দিনগুলোতে তারা আরও সুস্থ হয়ে উঠবে।
গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো বিএসএমএমইউ-তে মেরুদণ্ডে জোড়া লাগানো জমজ শিশু নুহা ও নাভার পনের ঘণ্টার সফল পৃথকীকরণ অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের নেতৃত্ব ১০০ জন চিকিৎসকের সার্জিক্যাল টিম ওইদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা নিরবিচ্ছিন্ন অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা হয়। ভর্তির পর কয়েকটি ধাপে পর পর অস্ত্রোপচারের পর এ চূড়ান্ত পৃথকীকরণ অপারেশন করা হয়।
বাংলাদেশে এই প্রথম মেরুদণ্ড জোড়া শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সফল অস্ত্রোপচারে বিএসএমএমইউ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, ভাস্কুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ খান, ইউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমীনসহ ১০০ জন চিকিৎসক এ অস্ত্রোপচারে অংশ নেন।
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের গর্ভে মেরুদণ্ডে জোড়া লাগানো কন্যা সন্তান নুহা ও নাভা ২০২২ সালের ২১ মার্চ কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেয়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনজয়েন্ট টুউইন বলে। জন্মের অল্প কয়েকদিন পর বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে তাদের ভর্তি করা হয়। শিশু দুইটির বয়স এখন ২৩ মাস।