এবারের মৌসুমশেষে রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফে যোগ দিতে ক্রোয়েশিয়ার অধিনায়ক ও তারকা ফুটবলার লুকা মদ্রিচকে প্রস্তাব দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বয়স ৩৮ হয়ে গিয়েছে। মাঝমাঠে জুড বেলিংহামের মতো নবাগত তারকাদের উপরেই বেশি ভরসা কোচিং ম্যানেজমেন্টের। নিয়মিত প্রথম একাদশেও এখন আর দেখা যায় না কিছুদিন আগেও রিয়ালের মাঝমাঠের প্রাণ ভোমরা মদরিচকে। তবে মদরিচ ফিরিয়ে দিয়েছিলেন সে প্রস্তাব।
যার অর্থ দাঁড়ায় এখনই খেলোয়াড়ি বুট জোড়া তুলে রাখতে চান না তিনি। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন নিয়েও নতুন কোনো গুঞ্জন শোনা যায়নি। কেননা এ বছরের জুনেই রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে মদরিচের। তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। এই সুযোগটিই লুফে নিতে চাইছে লিওনেল মেসির বর্তমান ক্লাব যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। তুরস্কের ক্রীড়া সাংবাদিক একরেম কনুর এমনটা জানিয়েছেন।
আর তা যদি হয় তাহলে প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন বার্সা-রিয়াল প্রতিদ্বন্দ্বি শিবিরে থাকা দুই খেলোয়াড়। যেন শত্রু থেকে বন্ধু হয়ে উঠবেন দুজন। যেমনটা পিএসজিতে সার্জিও রামোসকে পেয়েছিলেন মেসি। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে মদরিচ অবশ্য বলেছিলেন, ‘আমি কখনোই মেসির সঙ্গে খেলবো না।’ তবে সম্প্রতি ডেভিড বেকহামের সঙ্গে মদরিচের অবসর কাটানোর একটি ছবি সেই সম্ভাবনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। এর সঙ্গে খবর শোনা গিয়েছে- মেসি নিজেও নাকি মদরিচকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছেন।
তবে এতোটা সহজ হবে না মদরিচকে দলে ভেড়ানো। ইন্টার মায়ামিকে প্রতিযোগিতায় নামতে হবে এমএলএসের আরেক জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে। এছাড়া সৌদি প্রো লিগের ক্লাবগুলোর পয়সার ঝনঝনানি তো রয়েছেই। এরই মধ্যে ধারণা করা হচ্ছে শেষ দিকে গিয়ে রিয়ালও চুক্তি নবায়নের প্রস্তাব দিতে পারে।
২০১২ সালে ৩৫ মিলিয়ন পাউন্ডে টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মদরিচ। রিয়ালের হয়ে ৫১৭ ম্যাচে ৩৯ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট রয়েছে ৮৩টি। একবার করে ফিফা দ্যা বেস্ট ও ব্যালন ডি’অর জিতেছেন এ ক্রোয়েট তারকা।