স্ত্রীর অনুপস্থিতিতে তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণ

কাজের প্রয়োজনে ২১ বছর বয়সী তরুণীকে প্রায়ই বাড়িতে ডাকতেন। তবে তা স্ত্রীর অনুপস্থিতিতে। বাড়িতে ডেকে নিয়মিত ধর্ষণ করতেন। সম্প্রতি দুই মাসের অন্তঃসত্ত্বা জানার পর ওই ব্যক্তির (৪২) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সম্পর্কে তরুণীর আত্মীয়। তার বিরুদ্ধে অভিযোগ, যখন স্ত্রী বাড়িতে থাকতেন না তখন কাজের অজুহাতে তরুণীকে বাড়িতে ডাকতেন তিনি। একাধিকবার ধর্ষণও করেছেন। তরুণীর দাবি, এ বিষয়ে কাউকে জানালে তার ফল ভালো হবে না বলেও হুমকি দিতেন অভিযুক্ত।

কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তরুণী। পরীক্ষা করে জানতে পারেন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। এরপর অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারা এবং অন্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।