নানা সূত্রে গত দুইদিন ধরেই বিভিন্ন মাধ্যমে ঘুরছে জাতীয় ফুটবল দলের তালিকা। মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচের জন্য ২৮ জনের প্রাথমিক তালিকা চূড়ান্ত করে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বাফুফে সচিবালয়কে দিয়েছেন ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পরের দিন। অথচ সেই তালিকা প্রকাশ নিয়ে নানা নাটক মঞ্চস্থ করেছে বাফুফে সচিবালয়।
রহস্যজনক কালক্ষেপণের পর মঙ্গলবার সন্ধ্যায় ২৮ জনের তালিকা অভিনব কায়দায় প্রকাশ করে বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নামে নতুন একটা ফেসবুক পেইজ খুলে তাতে ছবিসহ প্রকাশ করা হয় তালিকা। ফেসবুকের এই পেইজের খবর জানে না দেশের অধিকাংশ মানুষ। দল ঘোষণা নিয়ে রহস্যজনক কালক্ষেপণে যেটা হয়েছে নানা সংবাদ মাধ্যম তাদের বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে আগেই দল ফাঁস করে দিয়েছে এবং সেই তালিকাগুলো আনুষ্ঠানিক দলের সঙ্গে মিলে গেছে অক্ষরে অক্ষরে।
বাফুফে দল দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অতীতের প্রথা মেনে তারা কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সংবাদ মাধ্যমে। আবার দল নিয়ে কোচ কাবরেরার ব্যাখ্যা সংবাদ মাধ্যমে জানায়নি বাফুফে। তারা বুধবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। সেখানেই জানা যাবে এই দলে নতুনরা কেন সুযোগ পেল, কেনই বা পুরনো কজনকে বাদ দেওয়া হলো। আবার খেলার মধ্যে না থেকেও কেন এই দলে টিকে গেলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। অথচ প্রথাগতভাবে হয় কোচ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই দল ঘোষণা করেন। কিংবা তালিকার পাশাপাশি দেওয়া হয় কোচের বক্তব্য।
দল ঘোষণা নিয়ে মঙ্গলবার গোটা দিনই হয়েছে নাটক। মিলেছে পাল্টাপাল্টি বক্তব্য। তাতে পুরো বিষয়টাই হয়েছে অহেতুক ঘোলাটে। সোমবার দুপুরে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ২৫ ফেব্রুয়ারি কাবরেরা দলের তালিকা দিয়েছেন বাফুফের সচিবালয়ে। তালিকা পেয়ে বাফুফে সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে নির্বাচিত ফুটবলারদের ক্যাম্পের জন্য ছাড় দেওয়ার চিঠি দেয়। পরবর্তীতে সেইসব ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেই তালিকা সম্পর্কে জেনে যায় সংবাদ মাধ্যম।
অথচ মঙ্গলবার বাফুফের মিডিয়া বিভাগে যোগাযোগ করা হলে বলা হয় তারা তালিকা হাতে পায়নি। আবার জাতীয় দলের এ সকল বিষয় দেখভাল করা বাফুফের গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ জানান তারা মিডিয়া বিভাগকে আগেই তালিকা সরবরাহ করেছে সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য। দুই রকম বক্তব্য পাওয়ার পর দেশ রূপান্তর বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে যোগাযোগ করে। ইমরান জাতীয় দলের তালিকা বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রকাশ করার কথা বলেন। অথচ সন্ধ্যায় বাফুফের নয়া মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব নতুন ফেসবুক পেইজে দল ঘোষণা করেন।
পুরো বিষয়টা দেখে খুব করে বোঝা গেছে বাফুফে সচিবালয়ের অভ্যন্তরে বিরাজ করছে চরম সমন্বয়হীনতা। ফুটবল প্রশাসনের যখন এমন দশা, তখন খেলাটার উন্নয়ন কি করে আশা করবেন!