হাতে শিরা খুঁজে না পাওয়ায় থেমে গেল সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড

প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে এক সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড করার কথা ছিল গতকাল বুধবার। কিন্তু তার হাতের শিরা খুঁজে না পাওয়ায় আটকে দেওয়া হয়েছে ওই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড।

এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার থমাস ইউজিন ক্রিচ নামক ৭৩ বছর বয়সী এক সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল অঙ্গরাজ্যটিতে। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের সময় ক্রিচের হাতের শিরাই খুঁজে পাচ্ছিলেন না মেডিকেল টিম।

প্রতিবেদনে আরও বলা হয়, এক ঘণ্টার বেশি সময় ধরে ফাঁসির চেম্বারে একটি টেবিলে আটকে রাখা হয় ক্রিচকে। আটবার চেষ্টার পরও ক্রিচের হাতের শিরা মেলেনি। মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে মেডিকেল টিম তাঁর হাতের শিরায় ইনজেকশন দিতে পারছিলেন না।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে আইডাহো সংশোধন দপ্তরের (আইডিওসি) পরিচালক জোশ টেওয়াল্ট বলেন, ‘ক্রিচের হাত ও পায়ে আইভি লাইন সেট করার জন্য আটবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মেডিকেল টিম, তাই তার মৃত্যুদণ্ড সাময়িক স্থগিত করা হয়।’

এছাড়া পরবর্তীতে করণীয় সম্পর্কে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদক রেবেকা বুন বলেন, পুরো প্রক্রিয়া জুড়ে, ক্রিচ তার পক্ষে আমন্ত্রিত সাক্ষীদের দিকে তাকাতেন এবং কখনও কখনও তাদের কাছে আঙ্গুল নাড়তেন বা মুখ দিয়ে কথা বলতেন।

বার বার সুঁই ঢোকানোর সময় একবার তিনি চিকিৎসা কর্মীদের বলেছিলেন যে পায়ে কিছুটা ব্যথা লেগেছে।

ক্রিচ ৪০ বছরের বেশি সময় ধরে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় রয়েছেন। গত ১২ বছরের মধ্যে আইডাহোতে তিনিই প্রথম ব্যক্তি যার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ক্রিচ নিজেই ৪২ খুনের কথা স্বীকার করলেও তাঁকে পাঁচটি খুনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।