উত্তর গাজা দুর্ভিক্ষ

অনাহারে আরও ছয় শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থা অনেকের

  • খাবার ও শিশুখাদ্য দুধের সংকটে মৃত্যুমুখে পতিত হচ্ছে গাজার নিরীহ শিশুরা
  • উত্তর গাজার হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশু মারা গেছে
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার উত্তরে ক্রমশ লম্বা হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। খাবার, সুপেয় পানি ও পর্যাপ্ত চিকিৎসা সংকটে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে অঞ্চলটিতে। দিন দিন পরিস্থিতির অবনতি হওয়ায় উত্তর গাজার হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশু মারা গেছে।

স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, উত্তর গাজা শহরের আল-শিফা হাসপাতালে বুধবার দুই শিশু মারা গেছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আরও চার শিশু মারা গেছে এবং অন্য সাতজন গুরুতর অবস্থায় রয়েছে।

মূলত খাবার ও শিশুখাদ্য দুধের সংকটে মৃত্যুমুখে পতিত হচ্ছে নিরীহ এসব শিশুরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, "আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে উত্তর গাজায় মানবিক বিপর্যয় এড়াতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছি।"

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে সাংবাদিক ইব্রাহিম মুসালাম, কামাল আদওয়ান হাসপাতালের অবস্থা তুলে ধরেন।

তিনি বলেন, এই হাসপাতালে শিশুরা অপুষ্টি এবং শিশু খাদ্যের অভাবে ভুগছে। জ্বালানি সংকটের কারণে ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে যার ফলে প্রয়োজনীয় মেশিনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি শিশুখাদ্য দুধের অভাবে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে উত্তর গাজায়।

মানবাধিকার সংস্থা হোপ জানিয়েছে যে, গত তিন সপ্তাহে এ অঞ্চলে ২১ শতাংশ গর্ভবতী নারী এবং ১১ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির চিকিৎসা দিয়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত