দাম বাড়ল বিদ্যুতের, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আজ হতে পারে এ বিষয়ে প্রজ্ঞাপন। তবে ০১ মার্চ থেকে নয়, এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি (০১ ফেব্রুয়ারি, ২০২৪) থেকেই নতুন এই বিদ্যুতের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাইকারি পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ০৪ পয়সা এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিটের দাম ৮ টাকা ২৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৯৫ টাকা করা হয়েছে।

এদিকে মার্চ থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সেখানে সমন্বয়ের জন্য দামের বিষয়টি চিন্তা করা হয়েছে। তেলের ডায়নামিক প্রাইসের জন্য প্রজ্ঞাপন করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সাথে দামের সমন্বয় হবে। কমলে কমবে, বাড়লে বাড়বে। ০১ মার্চ থেকে সেটা শুরু হবে।

গ্যাসের ব্যাপারে সমন্বয় দরকার। আগামী তিন বছর বিদ্যুতর গ্যাসের দাম সমন্বয় হবে। তাহলে সেখানে কোনো গ্যাপ থাকবে না। ক্যাপটিভে ৭৫ পয়সা।

বিদ্যতে ভর্তুকি হবে ৪৩ হাজার কোটি টাকা। কয়েক বছর ধরে প্রাইস অ্যাডজাস্ট করা হবে। ডলার রেট ধরে দাম সমন্বয় হচ্ছে। ৩৪ পয়সা নিচের দিকে, ওপরের দিকে ৭০ পয়সা দাম বাড়বে। ৫ থেকে ৮ শতাংশ বাড়বে। বেশি ব্যবহার করলে বিল বেশি হবে। ডলারের কারণে উৎপাদন খরচ এখন ১২ টাকা। এটার ভর্তুকি কমাতে চেষ্টা করা হচ্ছে।