সুগন্ধা বিচের নাম ফের ‘বঙ্গবন্ধু বিচ’ করার দাবি

কক্সবাজারের সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। একই সঙ্গে পুনরায় সুগন্ধা বিচের নাম অবিলম্বে ‘বঙ্গবন্ধু বিচ’ করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানানো হয়।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, স্বাধীনতা বিরোধীদের চাপের মুখে বঙ্গবন্ধু বিচ নামটি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, বঙ্গবন্ধুর নামে বিচের নাম রেখে নাকি তাকে ছোট করা হয়েছে। এর বিচার আমরা প্রধানমন্ত্রীর কাছে দিয়ে রাখলাম। আমাদের একটাই দাবি, সুগন্ধা বিচের নাম পালটে বঙ্গবন্ধু বিচ রাখা হোক।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ঘাপটি মেরে বসে থাকা রাজাকারের সন্তানরা এ দেশে বঙ্গবন্ধুর নাম টিকতে দিল না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নামটি যদি বঙ্গবন্ধুর নামে হয়, তাহলে হাজার হাজার পর্যটক তা দেখতে আসবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী সুলতান ইমাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।