ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে আবাসিক গ্রাহকদের শ্রেণি বিবেচনায় ব্যবহারভেদে মাসিক ব্যয় ২২ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে অন্য গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় আনুপাতিক হারে আরও বাড়বে।
সূত্রমতে এবার বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩০ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত বৃদ্ধির ফলে সর্বনিম্ন বিদ্যুৎ (৫০ ইউনিট পর্যন্ত) বিদ্যুৎ ব্যবহারকারী লাইফ লাইন গ্রাহকদের মাসিক বিল ২০ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত বাড়বে।
সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৪৩ পয়সা বাড়তে পারে। ফলে ৫০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন সেচ গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ২৬২ টাকা বৃদ্ধি পাবে।
আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ট্যারিফ প্রতি ইউনিট ৪১ পয়সা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
একইভাবে ২০০ ইউনিট পর্যন্ত আবাসিক গ্রাহকের ট্যারিফ ইউনিট প্রতি ৫৭ পয়সা বৃদ্ধি হলে মাসে ১২৫ টাকা পর্যন্ত বাড়বে।
তবে যেসব আবাসিক গ্রাহক বেশি ব্যবহার করবেন তাদের বিদ্যুৎ বিল বেশি গুনতে হবে। এধরনের গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭০ পয়সা বাড়ার কথা রয়েছে। এতে ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের ট্যারিফ প্রতি ইউনিট ১টা ৩৫ পয়সা বৃদ্ধি হবে। ফলে টাকার অংকে মাসিক বিল সর্বোচ্চ ১৪৪৩ টাকা বৃদ্ধি পাবে।