শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া, নাভালনির নাম শুনে অনেক গির্জার আপত্তি

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল শুক্রবার (১ মার্চ) মস্কোর একটি গির্জায় অনুষ্ঠিত হবে। আর্কটিক কারাগারে আকস্মিক মৃত্যুর দুই সপ্তাহ পর তার মুখপাত্র কিরা ইয়ারমিশ এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অভিযোগ উঠেছে, নাভালনির মৃত্যুতে জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছে রুশ কর্তৃপক্ষ। এছাড়াও নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়ায় জনগণের অংশগ্রহণ গণসমাবেশে রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছে ক্রেমলিন। এর ফলে মৃত্যুর আট দিন পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। কিছু ক্ষেত্রে নাভালনির নাম শুনে গির্জা ও হলগুলো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সুযোগ দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে।

এ বিষয়ে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া শান্তিপূর্ণ হবে কি না বা যারা আমার স্বামীকে বিদায় জানাতে আসবে  তাদের গ্রেপ্তার করা হবে কি না আমি এখনো নিশ্চিত নই।

নাভালনির দল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, নির্ধারিত দিন দুপুর ২টায় মেরিনোতে মাদার অব গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এরপর মস্কভা নদীর তীর থেকে একটু দূরে বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হবে নাভালনিকে।