আড়াইহাজার

লুটপাটের রেশ ধরে সংঘর্ষ, একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতেম আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তবে পুলিশ বলছে, হাতেম আলীর মৃত্যু স্ট্রোক করে হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ১৬ বাড়ি লুটপাটের ঘটনার করা মামলার জের ধরে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ওই মামলার বাদী আবুল হোসেনকে (৪২) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য জুলহাস মেম্বার ও শাহ আলমের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জুলহাস মেম্বারও শাহ আলমের পক্ষের লোকেরা তোফাজ্জল ও মহিলা ইউপি সদস্য আফরোজার বাড়িসহ ১৬টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ নিয়ে তোফাজ্জলের ভাই আবুল হোসেন বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারি থানায় মামলা করেন।

তিনি এলাকাবাসীর বরাত দিয়ে আরও জানান, আজ সকালে তোফাজ্জলের ভাই আবুল হোসেন (৪২) বাহেরচর বাজারে তার দোকান ঘর খুলতে গেলে তাকে কুপিয়ে জখম করে জুলহাস মেম্বারের লোকেরা। এ নিয়ে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

হাতেম আলীর মৃত্যুর বিষয়ে ওসি বলেন, হাতেম আলী এ সময় জমিতে কাজ করছিলেন। আতঙ্ক ছোটাছুটি করতে গিয়ে তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।