গোপালগঞ্জে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ: গুলিবিদ্ধ ৪, আহত ২০

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

গোপালগঞ্জে কথা কাটাকাটির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে ওই দুই গ্রামের যুবকদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবকের সঙ্গে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবককে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। এ ছাড়া কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি সংঘর্ষের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই বলে জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত