বরগুনার আমতলীতে মাইক্রোবাসের ধাক্কায় আলেয়া (৫২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আলেয়া কুকুয়া ইউনিয়ন ভূমি অফিসের অযু করতে এসেছিলেন। অযু শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত আলেয়া কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব চুনাখালী গ্রামের মৃত নব মিয়ার স্ত্রী।
নিহত আলেয়া বেগমের ছোট ভাই আব্দুল কালাম মোল্লা বলেন, প্রত্যক্ষদর্শী না থাকায় আমরা গাড়ি বা ড্রাইভার কাউকেই শনাক্ত করতে পারিনি।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।