আর্তেতাকে পিছে ফেলে বর্ষসেরা ম্যানেজার হলেন পোস্তেকগলু

২০২৪ লন্ডন ফুটবল অ্যাওয়ার্ড আয়োজনে বছরের সেরা ম্যানেজারের পুরস্কার জিতেছেন টটেনহাম হটস্পার বস আনজে পোস্তেকগলু। এ দৌড়ে তিনি পিছনে ফেলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে। বার্ষিক এ আয়োজনে পোস্তেকগলুর হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়। 

গত গ্রীষ্মে সেল্টিক থেকে এসে স্পার্সদের দায়িত্ব বুঝে নেন এ অস্ট্রেলিয়ান কোচ। এবারের মৌসুমে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও ধারাবাহিক নৈপুণ্যের জেরে টটেনহাম আছে পয়েন্ট টেবিলের পাঁচে। গতবার খুব বাজে মৌসুম কাটানোর পর আবার চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নে সমর্থকদের বিভোর করতে সক্ষম হয়েছেন তিনি। দলের দুই প্রাণভোমরা হ্যারি কেইন ও হুগো লরিসের বিদায়ের পরও দলকে সঠিক দিশায় রেখেছেন পোস্তেকগলু।

বর্ষসেরা ফুটবলার হন আর্সেনালের ডেক্লান রাইস

অন্যদিকে মিকেল আর্তেতার অধীনে টানা দুই মৌসুম শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে আর্সেনাল। তবে গতবারের মতো এবার আর এ স্বীকৃতি পাননি তিনি। অবশ্য আর্সেনাল তারকা ডেক্লান রাইস দ্বিতীয়বার জিতেছেন লন্ডনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০২২ মৌসুমে ওয়েস্ট হ্যামে থাকাকালীন প্রথমবার এ পুরস্কার জিতেছিলেন রাইস।

চেলসি কিংবদন্তি ল্যাম্পার্ডের কাছ থেকে পুরস্কার নেন কোল পালমার

বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার। মৌসুমে ৩৪ ম্যাচে ১৪টি গোলের সঙ্গে ৯টি অ্যাসিস্ট করেন ২১ বছরের পালমার। টটেনহামের ভিকারিও জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।

নারীদের বিভাগে বর্ষসেরা ফুটবলার হয়েছেন চেলসির লরেন জেমস। বর্ষসেরা তরুণ নারী ফুটবলারের পুরস্কারও গিয়েছে চেলসির ঘরে।  অ্যাগনিস বিভার-জোনস পুরস্কৃত হয়েছেন এ বিভাগে। শার্লটন স্ট্রাইকার আলফি মে নির্বাচিত হয়েছেন লন্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের ইএফএল বর্ষসেরা খেলোয়াড় হিসেবে।