বিশ্ব ফুটবলকে সেলিব্রিটি কালচারে রূপ দেওয়া কেভিন কিগানের প্রয়াণ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম

ইংলিশ ফুটবলের প্রথম দিককার ‘গ্লোবাল সুপারস্টার’ এবং ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত জুনেই তিনি প্রকাশ করেছিলেন যে তার ক্যান্সার চতুর্থ স্তরে (পৌঁছে গেছে। সোমবার তার সাবেক ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড এই দুঃখজনক খবরটি নিশ্চিত করার পর পুরো ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

খেলোয়াড় ও কোচ—উভয় ভূমিকাতেই কিগান ছিলেন অনন্য। তবে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, সত্তর ও আশির দশকে ফুটবলকে সাধারণ খেলার গণ্ডি পেরিয়ে পপ কালচার বা সেলিব্রিটি সংস্কৃতির সাথে যুক্ত করার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি।

সত্তর ও আশির দশকে কেভিন কিগান তার খেলার পাশাপাশি স্টাইল আইকন হিসেবে ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছিলেন।

কিগানের বিশেষ কোঁকড়ানো চুলের ছাঁট সে সময় এতটাই জনপ্রিয় হয়েছিল যে ইউরোপের শত শত ফুটবলার এবং লাখ লাখ তরুণ তার এই স্টাইল কপি করতে শুরু করেন।

তিনিই প্রথম ইংলিশ ফুটবলার যিনি খেলার পাশাপাশি তুমুল বাণিজ্যিক তারকা হয়ে ওঠেন। জনপ্রিয় আফটার-শেভ ব্র্যান্ডের বিজ্ঞাপনে কিংবদন্তি হেভিওয়েট বক্সার হেনরি কুপারের সাথে স্ক্রিন শেয়ার করা থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় টিভি শো-তে নিয়মিত অংশ নিতেন তিনি। এছাড়া তার গাওয়া মিউজিক সিঙ্গেল “Head Over Heels in Love” সে সময় জার্মানির চার্টের শীর্ষ ১০ নম্বরে জায়গা করে নিয়েছিল।

১৯৭১ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর কিংবদন্তি ম্যানেজার বিল শ্যাঙ্কলির অধীনে দ্রুতই ক্লাবের প্রাণভ্রমরায় পরিণত হন কিগান। তার ওপর ভর করে লিভারপুল ১৯৭৩ সালে ইংলিশ লিগ ও উয়েফা কাপ ডাবল জেতে। এরপর ১৯৭৬ ও ১৯৭৭ সালেও লিগ শিরোপা ধরে রাখে তারা। ১৯৭৭ সালে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৩-১ গোলে হারিয়ে লিভারপুলের ঐতিহাসিক প্রথম ‘ইউরোপিয়ান কাপ’ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের নায়ক ছিলেন কিগান।

হামবুর্গের হয়ে দুর্দান্ত খেলে ১৯৭৮ এবং ১৯৭৯ সালে টানা দুইবার ইউরোপের সেরা ফুটবলার হিসেবে ‘ব্যালন ডি’অর’ জয়ের অনন্য রেকর্ড গড়েন এই ফরোয়ার্ড। ১৯৭৯ সালে হামবুর্গকে বুন্দেসলিগা শিরোপাও জেতান তিনি।

১৯৯২ সালে নিউক্যাসেল ইউনাইটেডের ম্যানেজার হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন কিগান। দ্বিতীয় স্তরের রেলিগেশন থেকে বাঁচিয়ে পরের মৌসুমেই নিউক্যাসেলকে প্রিমিয়ার লিগে নিয়ে আসেন তিনি। ১৯৯৯ সালে ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব নেন কিগান। কোচিং ক্যারিয়ারে লিগ শিরোপা না পেলেও লিভারপুলের হয়ে ৩টি লিগ, ১টি ইউরোপিয়ান কাপ এবং হামবুর্গের হয়ে বুন্দেসলিগাসহ অসংখ্য ট্রফি জয়ী এই ফুটবলার ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল এক অনন্য সেলিব্রিটি ও আইকন হিসেবে অমর হয়ে থাকবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত