মর্গে পড়ে আছে মা ও শিশুর মরদেহ

গতকাল রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ে একসঙ্গে আগুন পুড়ে মারা গেছেন। গতকাল রাতে তাদের ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। এখন পর্যন্ত চার বছরের বাচ্চা ও মায়ের লাশ শনাক্ত করতে কেউ আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল জরুরি মর্গের দায়িত্বরত আলমগীর হোসেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ২০০৪ সাল থেকে আমি লাশ হস্তান্তরের কাজ করি। অনেক ঘটনা দেখেছি, তবে এরকম  শিশুর লাশ কখনো পড়ে থাকতে দেখিনি। বুক ফেটে কান্না আসতেছে।

রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২১ জন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।