‘দায়িত্বশীলদের নজরদারির অভাবে অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি’

দায়িত্বশীল কর্তৃপক্ষের তদারকির অভাব ও অবহেলায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে অবশ্যই অসচেতনতা ও অবহেলা ছিল। বিকেলে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শুক্রবার (১ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, 'ঘটনাটি আমাদের ভীষণভাবে ব্যথিত করেছে। প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষ তাদের মূল্যবান জীবন হারাচ্ছে।' 

তিনি বলেন, 'বাংলাদেশে অধিকাংশ ভবনে অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা নেই। অগ্নিকাণ্ডের ঝুঁকিগুলো জানার পরেও ভবনগুলোতে দিনের পর দিন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই অগ্নিকাণ্ডে অবশ্যই অসচেতনতা ছিল, অবহেলা ছিল। এত বড় একটি বাণিজ্যিক ভবনে ফায়ার এক্সিট থাকবে না? আর এটা না থাকার কারণে মানুষ অনেক চেষ্টা করেও বের হতে পারেনি।' 

এদিকে ঘটনাস্হল পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান। 

এ সময় কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের বড় দুর্ঘটনাগুলো ঘটার পরে কিছুদিন উত্তপ্ত পরিস্থিতি থাকে। আলোচনা-সমালোচনা, তদন্ত কমিটি হয়। প্রতিবেদন জমা দেওয়া হয়। আবার তা থেমে যায়। আমাদের দুর্ভাগ্য আমরা এ বিষয়গুলোতে সচেতন হচ্ছি না, কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে না । দায়িত্বশীল কর্তৃপক্ষও কখনো যথাযথ নজরদারি করছে না বলে ঘুরে ফিরে পুনরাবৃত্তি হচ্ছে।' যাদের গাফিলতিতে এমন অগ্নিকাণ্ড তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি‌।