বেইলি রোডে আগুন: ৪০ লাশ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬টি মরদেহের মধ্যে অন্তত ৪০ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬টি লাশের মধ্যে একজন নারী, এক শিশু ও একটি লাশ সিকিউরিটি গার্ডের। আর একটি লাশ হিন্দু নাকি মুসলিম এই দ্বন্দ্বে আটকে আছে। বাকি ২টি লাশ পুড়ে অঙ্গার হয়ে গেছে, চেহারা বোঝার উপায় নেই।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ৪০ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাত ছয় জনের মরদেহের বিষয়ে তিনি বলেন, এর মধ্যে পাঁচজনের মরদেহ এখনো কেউ দাবি করেনি। তাদের চেহারা বোঝা যাচ্ছে। তবে একটি মরদেহ পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। গুরুতর আহত ১০ জনকে বার্ন ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।'

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিস ৭৫ জনকে জীবিত উদ্ধার করে। এর মধ্যে ১৫ জন নারী রয়েছেন।