বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিকের পরিচয় শনাক্তে কেটে গেছে ১২ দিন। ডিএনএ পরীক্ষায় ওই নারীর সঙ্গে বাবা দাবি করা কুষ্টিয়ার সবুজ শেখের ডিএনএর মিল পাওয়া গেছে। এতে তাকে বৃষ্টি খাতুন পরিচয়ে বাবার কাছে আজ সোমবার বাবার কাছে হস্তান্তর করেছে সিআইডি।
বৃষ্টির মৃত্যুর পরদিনই ঢাকা মেডিকেলে এসে তার লাশ সনাক্ত করেন সবুজ শেখ। এরপর তাকে অভিশ্রুতি শাস্ত্রী দাবি করে রমনা থানায় লিখিত দেন রমনা কালি মন্দিরের সভাপতি উৎপল সাহা। তার দাবি, মৃতার নাম অভিশ্রুতি শাস্ত্রী। তিনি রমনা কালি মন্দিরে নিয়মিত আসা যাওয়া করতেন।
এরপর নিহতের পরিচয় সনাক্তে জটিলতা দেখা দেয়। যদিও ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে পরিচিত।
আজ মেয়ের লাশ হাতে পেয়ে সবুজ শেখ দেশ রূপান্তরকে বলেন, ‘আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। ১১ দিন পার হলেও নিজের মেয়ের মরদেহ বুঝে পেলাম।’
তিনি বলেন, ‘মেয়ের জন্য তার মা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। আমার ছোট মেয়েরাও কান্না করছে। সব তথ্য যাচাই বাছাই করে আমার সন্তানকে ফেরত পেয়েছি।’
সবুজ শেখ জানান, তার বাড়ি কুষ্টিয়া জেলার খোকশা থানার বনগ্রামে। সেখানে ব্র্যাক স্কুল থেকে পাস করে হাইস্কুলে ভর্তি হয় বৃষ্টি। গ্রাম থেকে এসএসসি ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে ঢাকায় ইডেন কলেজে ভর্তি হয়।
সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনার পরের দিন বার্ন ইনস্টিটিউটে এসে বৃষ্টি খাতুনের মরদেহ সনাক্ত করেছিল তার বাবা সবুজ শেখ। তবে রমনা কালি মন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেছিলেন, মৃতার নাম অভিশ্রুতি শাস্ত্রী। তিনি রমনা কালি মন্দিরে নিয়মিত আসা যাওয়া করতেন। এ বিষয়ে তিনি রমনা থানায় লিখিতভাবে দাবি করেন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হোক। এরপর বিজ্ঞ আদালতের সরাণাপন্ন হয়ে মর্গ থেকে মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।’
তিনি আরও বলেন, ‘ডিএনএ পরীক্ষায় পরিচয় সনাক্তের পর গতরাতে রমনা কালি মন্দিরের সভাপতি উৎপল সাহা আবারও লিখিতভাবে আবেদন করে জানিয়েছেন, মরদেহ প্রকৃত স্বজনদের কাছে হস্তান্তর করা হোক। এই মৃতদেহর ওপর তার কোনো দাবি নেই। এরপর আজ সোমবার সবুজ শেখের কাছে বৃষ্টির লাশ হস্তান্তর করা হয়েছে।’
বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নাজমুলের লাশ এখনও পড়ে আছে মর্গে। তার ডিএনএ নমুনাটি খুবই জটিল হওয়ায় এখনো পুরোপুরি মিলেনি বলে জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা।
অভিশ্রুতি নয়, বৃষ্টি পরিচয়ে লাশ যাচ্ছে মায়ের কাছে
স্কুল বন্ধ থাকছে রমজানে, শুনানি মঙ্গলবার
ধৈর্যের পরীক্ষা নেবে গরম, যেমন থাকবে রমজানে আবহাওয়া