কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এই জয়ের কৃতিত্বের সিংহভাগ সতীর্থ মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাইফউদ্দিনদের দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন দর্শকদেরও, তাদের উদাত্ত সমর্থন মুগ্ধ করেছে তামিমকেও।
ফাইনাল জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তামিম বলেছেন, ‘মুশফিককে আমি একটা দুটো ম্যাচের পর বলি যে সে মাঠের ভেতরকার সব কাজ যেমন ফিল্ড সেটিং, বোলিং চেঞ্জ এসব দেখতে পারে কি না। কারণ আমি মাঠের বাইরের ব্যাপারগুলো যেমন বিদেশি খেলোয়াড়ের আসা-যাওয়া এমন ব্যাপারগুলো দেখি। মুশফিক সেই ব্যাপারগুলো চমৎকারভাবে সামলেছে, যেটা আমাকে অনেক নির্ভার করেছে।’ তাইজুল ও সাইফউদ্দিনের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমি এভাবে বলতে চাই না, তবে বলে ফেলছি, তাইজুলকে আমরা যখন ড্রাফটের সময়ে দলে নিই তখন একটা ফ্র্যাঞ্চাইজি হাসাহাসি করছিল। তাইজুল খুব ভালোভাবে নিজেকে প্রমাণ করেছে, নিয়মিত ভালো করেছে। আমরা কেশব মহারাজকে এনেছিলাম, সে থাকার পরও তাইজুল নিয়মিত ভালো করেছে। সাইফউদ্দিন কতটা খেলতে পারবে সেটা নিয়েই আমরা সন্দিহান ছিলাম। সে খুব ভালো করেছে। যদি একজন ক্রিকেটারকে বেছে নিতে হয় যার পারফরম্যান্স আমাকে অবাক করেছে সেটা সাইফউদ্দিন।’
বিপিএলের মাঝেই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলেছিলেন তামিম। শিরোপা জিতে জবাব দিলেন কি না এমন প্রশ্নে বলেছেন, ‘আমি জবাব দেওয়ার জন্য কিছু করি না, এতদিন ক্রিকেট খেলে এটাই শিখেছি। বিশ্বকাপের সময় আমি শারীরিকভাবে আরও ভালো অবস্থায় ছিলাম। আমি বলেছিলাম যে বিপিএলের মধ্যেই জানাব, আমার জালাল ভাই (ইউনুস, পরিচালক বিসিবি ও প্রধান, ক্রিকেট অপারেশনস)-এর সঙ্গে কথা হয়েছে। উনার সঙ্গে আমার বসার কথা ছিল, সময়ের অভাবে বসা হচ্ছে না। তবে আমাকে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। সেটা না হলে আমি ফিরব না, আমি হয়তো আর দুই বছর ক্রিকেট খেলব। সবকিছু ঠিক না হলে আমি ফিরে আসব না।’
তামিম জানিয়েছেন দলের ভেতর চমৎকার একটা পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছিলেন যার ফল এই সাফল্য, ‘আমরা চেয়েছিলাম একটা চমৎকার দলীয় পরিবেশ তৈরি করতে, যেখানে কেউ কারও পেছনে সমালোচনা করবে না। চেন্নাই সুপার কিংস একবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে জিতেছিল, এটা সবাই বলে তবে যেটা বলে না সেটা হচ্ছে তারা চমৎকার একটা দলীয় পরিবেশও তৈরি করে। আমি তাদের মতো না হলেও একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে চেয়েছি দলের মধ্যে।’
আসরসেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ রান সংগ্রাহক, অধিনায়ক হিসেবে প্রথম বিপিএল শিরোপা। সংবাদ সম্মেলনে অনেক কিছুই বলেছেন তামিম, তবে মুখে না বলে পারফরম্যান্সের ভাষায় যেটা বুঝিয়ে দিয়েছেন, সেটা অন্ধ না হলে সবারই বুঝতে পারার কথা।