বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসব রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৬ জনকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। এছাড়া আশঙ্কাজনক বাকি ৫ জনকে ভর্তি রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এসব রোগীদের বিশেষভাবে কেয়ার নেয়ার জন্য। তাদের চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী নিজে বহন করবেন।