রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে একদল দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি চালালে প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হন। রামপুরার ওয়াপদা রোডের তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ প্রতিষ্ঠানে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হামলার এই ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।
চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ে গুলি লেগেছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজু আহমেদ বলেন, দুর্বৃত্তদের মধ্যে তিনজন কার্যালয়ের ভেতরে ঢুকেছিল এবং একজন বাইরে পাহারায় ছিল। ভেতরে ঢুকেই ওই তিনজন বলতে থাকে, ‘তোদেরকে এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনও বন্ধ করিস নাই কেন?’ এই বলেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যান।
চাঁদা দাবির অভিযোগ তুলে স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের সহযোগীরা মুঠোফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে এখন পর্যন্ত সেই টাকা দেওয়া হয়নি। এর জের ধরেই এই গুলির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা।