বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আজহারুল ইসলাম শান্ত (২৪) নামে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কলোনী চকফরিদ এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শান্ত জেলার সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। বর্তমানে পরিবারসহ শহরের চকফরিদ এলাকায় বসবাস করেন ও শান্ত বগুড়া সৈয়দ আহমেদ কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
নিহতের ভাই হাসিবুল হাসান জানান, শান্ত স্থানীয় কলোনী চকফরিদ এলাকায় ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসার নিয়ে শহরের মালতিনগরের কয়েকজন ছেলের সাথে ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করে শনিবার বিকেল ৪টার দিকে শান্তকে ৫/৬ জন সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, শান্ত নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।