বোর্ডের ভাবনায় তামিম, তামিমের ভাবনায় কী

হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। কোনো সেঞ্চুরি না থাকলেও করেছেন তিনটি ফিফটি। কার্যকরী কয়েকটি ইনিংসে জিতিয়েছেন দলকে। ফাইনালেও অধিনায়কোচিত ইনিংসে শিরোপা জয়ে রেখেছেন অবদান। তার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফরচুন বরিশাল হয়েছে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন।

১৫ ম্যাচে সর্বোচ্চ ৪৯২ রান করে বিপিএলের টুর্নামেন্ট সেরা তামিম ইকবাল। অথচ জাতীয় দলে এই ফরম্যাটে জার্সি খুলে ফেলেছিলেন তিনি আরও ৪ বছর আগে। অভিমানে গত বছর সব সংস্করণকেও বিদায় বলে দিয়েছিলেন। যদিও অবসর ভেঙে ফিরে এসে একটি ম্যাচও খেলেছেন।

‘শেষ বিশ্বকাপ’ না খেলায় তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানিয়েছিলেন বিপিএলের মধ্যেই জানাবেন নিজের ভবিষ্যৎ ভাবনা। তবে শুক্রবার ফাইনাল শেষে কথা বললেন অন্য সুরে। ক্রিকেট বোর্ডের দিকে ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে।

আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে নেই তামিম ইকবাল। দলটা আগের নির্বাচক কমিটির গড়া। নতুন নির্বাচক কমিটির ভাবনায় অবশ্য রয়েছে তামিমের নাম। নবনিযুক্ত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিংবা বিসিবি ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুসও চান জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে দেখতে। তবে তামিমের ভাবনায় কী সেটা আগে তারা শুনতে চান, তারপরই জানা যাবে ফের কবে জাতীয় দলে দেখা যাবে তামিমকে।

শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে জাতীয় দলের ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার জন্য ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। আমার সঙ্গে লিপু ভাইয়ের কোনো কথা হয়নি। জালাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে। আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

৯ মার্চ থেকে শুরু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের পর নাকি জালাল ইউনুসের সঙ্গে তার বসার কথা রয়েছে। তথ্যটি জানিয়ে দেশ রূপান্তরকে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তামিমের জন্য তো বোর্ড সবসময় দরজা খোলা রেখেছে। সে যখনই আগ্রহ দেখাবে, আমরা তখনই তাকে স্বাগত জানাব। কারণ, আমাদের ভাবনায় সে এখনো আছে। তবে তামিমের ভাবনায় কী সেটা আমাদের আগে জানতে হবে।’

একই সুরে কথা বলেছেন বিসিবির নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ‘আমি সবসময়ই তামিমের শুভাকাক্সক্ষী। আমি চাই সে জাতীয় দলের হয়ে আরও খেলুক। কারণ বিপিএলে আমরা তার ব্যাটিং দেখেছি। এখনো সে তার সেরাটা দেখাতে সক্ষম। তার সঙ্গে যদিও আমার কথা হয়নি। তবে শুনেছি বোর্ডের সঙ্গে তার বসার কথা রয়েছে। সেটা হওয়ার পরই আসলে আমরা কথা বলতে পারব।’

ফর্মের তুঙ্গে থাকা তামিম নিজের ক্যারিয়ার নিয়ে যেমন দর্শক-ভক্তদের রেখেছেন ধোঁয়াশায় তেমনি বোর্ড কর্তারাও আছেন দ্বিধায়। যা দেখে বলাই যায় বিসিবির ভাবনায় তামিম আছেন, কিন্তু তামিমের কী? সেটাই এখন জানার অপেক্ষা।