আম্বানির ছেলের বিয়ে, ‘আন্তর্জাতিক’ তকমা পেল প্রতিরক্ষা বিমানবন্দর

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক-অনুষ্ঠানে চলছে গুজরাটের জামনগরে। গত ১ মার্চ থেকে শুরু হওয়া এই রাজকীয় উৎসব শেষ হবে রবিবার (৩ মার্চ)। সাধারণত আম্বানিদের বাড়ির অনুষ্ঠান মানেই হাজির গোটা বলিউড। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত হয়েছেন বিল গেটস, মার্ক জুকারবার্গ, রিহানা, এমনকি ইভাঙ্কা ট্রাম্পও।

আর তাদের বিমান ওঠানামার সুবিধার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, অনন্ত-রাধিকার বিয়ের প্রাক-অনুষ্ঠান উপলক্ষে আগামী ৫ মার্চ পর্যন্ত ১০ দিনের জন্য ‘আন্তর্জাতিক’ হয়েছে জামনগর বিমানবন্দর। পাক সীমান্তবর্তী হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জামনগর বিমানবন্দর, যা এতদিন ব্যবহার করত বিমানবাহিনী। আপাতত সেখানে ওঠানামা করছে আম্বানির অতিথিরা।

জানা গেছে, অতিথিদের সুবিধার জন্য় বিমানবন্দরটিতে যাত্রী বিভাগের আয়তন বাড়ানো হয়েছে। ব্যাপক সংস্কার হয়েছে শৌচাগারগুলোর। চালু হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস বিভাগ। বেড়েছে বিমানবন্দরের ব্যস্ততাও। এছাড়া যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বাড়ানো হয়েছে কর্মী সংখ্যা।

সূত্রের খবর, শুধু শুক্রবারই জামনগর বিমানবন্দরে অবতরণ করেছে অন্তত ১৫০টি ফ্লাইট। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের দাবি, পুঁজিপতি বন্ধুদের পাশে দাঁড়াতে গিয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছে মোদি সরকার।

এদিকে সামরিক বিমানবন্দর সকলের জন্য খুলে দেওয়ায় কেউ কেউ বলছেন, অনন্ত-রাধিকার বিয়ের প্রাক-অনুষ্ঠান উপলক্ষে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক তকমা দেওয়া হয়েছে। আর এই কাজের ভার দেওয়া হয় তিন কেন্দ্রীয় মন্ত্রীকে। অপরদিকে কান্নুর বিমানবন্দর ২০১৮ থেকে চালু হলেও এখনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারে না।