ফুটবলে একই শহরের দুটি দল একে অপরের মুখোমুখি হলে তাকে ডার্বি বলা হয়। আর তাই ডার্বি মানেই যেন অন্য রকম এক উত্তেজনা। ইংল্যান্ডের ফুটবলে হওয়া ডার্বিগুলোর মধ্যে নামে ও ভারে এগিয়ে ম্যানচেস্টার ডার্বিই।
আজ ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানউই খেলবে ম্যানসিটির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায়।
এক সময় ম্যানচেস্টারের লাল অংশ অর্থাৎ ম্যান ইউনাইটেড ছিল পরাক্রমশালী এক দল। আর এখন নীলের (ম্যানচেস্টার সিটি) উত্থানে অনেকটাই ম্লান হয়ে গেছে লালের দাপট। ১৮৮১ সালে প্রথমবার মুখোমুখি হয় এ দুটি দল। এর পর থেকেই নিয়মিত দেখা হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বীর। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে মুখোমুখি হয়ে ম্যানইউয়ের ৭৮ ম্যাচে জয়ের বিপরীতে সিটির জয় ৬০ ম্যাচে। ড্র হয়েছে ৫৩ ম্যাচ।
তবে সম্প্রতি সময়ে বদলে গেছে এই চিত্র। যেখানে সর্বশেষ ৮ ম্যাচের ৬ টিতেই জিতেছে সিটিজেনরা, ম্যানইউয়ের জয় মাত্র ২ ম্যাচে।
ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলে সবচেয়ে সফল দল ম্যানইউ (২০ শিরোপা)। কিন্তু দলটি সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০১২-১৩ মৌসুমে। স্যার অ্যালেক্স ফার্গুসন ছিলেন সেই সময়। ফার্গুসন অবসর নেওয়ার পর থেকে দিন দিন দাপট হারিয়েছে ম্যানইউ। ২০১৫-১৬ মৌসুমে এফএ কাপ এবং ২০১৬-১৭ মৌসুমে ইউরোপা লিগ জেতা ছাড়া বড় কোনো অর্জন নেই।
আর ম্যানসিটিতে দৃশ্যপট বদলাতে শুরু করে ২০০৮ সালে আরব আমিরাতের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান দায়িত্ব নেওয়ার পর। ধীরে ধীরে শক্তিশালী দলে পরিণত হতে থাকে ম্যানসিটি। সিটি হয়ে উঠতে শুরু করে ইংলিশ ফুটবলের নতুন পরাশক্তি।
পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর ম্যানসিটি হয়ে ওঠে রীতিমতো অজেয় এক দল। হ্যাটট্রিক লিগ শিরোপাসহ ৫টি লিগ জিতেছে সিটিজেনরা। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগসহ জিতেছে ট্রেবলও।
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ম্যানসিটি এগিয়ে থাকলেও ম্যানইউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রিমিয়ার লিগে তারা সবসময়ই গুরুত্বপূর্ণ দল। নিজেরা জিততে না পারলেও শিরোপা নির্ধারণে প্রভাবক হিসেবে ভূমিকা রাখে।
আজ ইতিহাদেও ম্যানইউ বদলে দিতে পারে শিরোপা জয়ের সমীকরণ। লিভারপুল এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছে। আজ ম্যানইউয়ের সঙ্গে ম্যানসিটি পয়েন্ট হারালে এগিয়ে থাকবে লিভারপুল।
আজ রাতের ম্যাচটা ম্যানইউয়ের জন্য প্রতিশোধেরও। সর্বশেষ ইতিহাদে খেলতে গিয়ে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানইউ।