নাগরদোলায় আটকে ছিল ১৫ নারী ও শিশু, যেভাবে উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলায় আটকে থাকা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৩ মার্চ) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার রূপসা সেতুর কাছে ‘রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে’ থেকে রাজীব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫-২০ জন নারী ও শিশু ৪০-৫০ ফিট উঁচুতে আটকে আছে।

ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে। দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধের কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল লাইলাতুল জাইজা।

এ ঘটনায় কনস্টেবল জাইজা খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে কল দিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদি হাসান সুমন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে টার্ন ট্যাবল হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ১০ শিশু, তিন নারী, দুজন পুরুষসহ মোট ১৫ জনকে নিরাপদে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডিং অফিসার মো. ফারুক হোসেন শিকদার ৯৯৯-কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।