ম্যানচেস্টার ডার্বি মানেই ইংল্যান্ডে বাড়তি উম্মাদনা। টেলিভশনের পর্দায় কিংবা বর্তমানে নানা অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনেই দেখা যায় ফুটবল ম্যাচ। তাই ডার্বির এই উম্মাদনাটা এখন বিশ্ব জুড়ে আরও বেড়েছে।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের গ্রুপসহ নানা ফুটবল গ্রুপ আছে। ফলে বাংলাদেশসহ অনেক দেশেই ফুটবল মাঠে দুই দলের লড়াই ছাপিয়ে তা মাঠের বাইরেও উত্তাপ সৃষ্টি করে। আজ আরও একটি ম্যানচেস্টার ডার্বি।
১৮৮১ সাল থেকে শুরু হওয়া ম্যানচেস্টার ডার্বি এখন পর্যন্ত বহু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের স্বরণীয় 'ম্যানচেস্টার ডার্বি' তালিকা করতে গেলেও প্রতিদ্বোন্দ্বিতাপূর্ণ ম্যাচ পাওয়া যাবে অনেকগুলোই।
তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের চোখে সেরা ম্যানচেস্টার ডার্বি ২০০৯-১০ মৌসুমে প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া ম্যাচটি।
নিজেদের শক্তি বাড়াতে মৌসুম শুরুর আগে ট্রান্সফারএর সময়টাতে বড় অর্থ খরচ করেছিল ম্যানসিটি। ম্যাচটি হওয়ার আগে দুই দলের পয়েন্টও ছিল সমান। ম্যাচে মোট গোল হয় ৭টি।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েন রুনির গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। ১৬ মিনিটে সেটা শোধ দেন সিটির গ্যারেথ ব্যারি। ৪৯ মিনিটে ড্যারেন ফ্লেচার গোল করলে আবারও লিড নিয়েছিল ম্যানইউ। তবে ৫২ মিনিটে ক্যারিগ বেলামি গোল করলে সমতা ফেরে ম্যাচে।
৮০ মিনিটে ফ্লেচার নিজের দ্বিতীয় গোল করলে ৩-২ হয় স্কোর। তবে ৯০ মিনিটে বেলামি ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে স্কোর ৩-৩ হয়।
মনে হচ্ছিলো সমতাতেই শেষ হবে ম্যানচেস্টার ডার্বি। তবে যোগকরা সময়ের শেষ দিকে (৯৬ মিনিট) গোল করে স্বাগতিকদের উৎসবে ভাসান মাইকেল ওয়েন। এটি ছিল ম্যানইউয়ের হয়ে ডার্বিতে ওয়েনের প্রথম গোল।
কার্লোস তেভেস আগের দুই মৌসুম ধারে খেলেছিলেন ম্যানইউতে। ২০০৯-১০ এ তিনি যোগ দেন সিটিতে। আর তেভেজের জায়গাতেই ওয়েনকে এনেছিল ম্যানইউ।