নরসিংদীতে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ। রবিবার (৩ মার্চ) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নরসিংদীর পাঁচদোনা-চরসিন্দুর এবং পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ। এ সময় সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাঁচদোনা-চরসিন্দুর সড়কে চরমাধবদী এলাকায় এবং ডাঙ্গা-পাঁচদোনা সড়কের পাইকারদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চরমাধবদী এলাকায় অবৈধভাবে গড়ে তোলা মাসুদের ভবনসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পর্যায়ক্রমে নরসিংদীর পাঁচদোনা থেকে চরসিন্দুর এবং পাঁচদোনা থেকে ডাঙ্গাসহ সড়ক ও জনপদের জমিতে গড়ে উঠা সকল ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে জনগুরত্বপূর্ণ বিষয় বিবেচনা অধিক গুরুত্ববহন করে এমন সড়কে অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। দুটি সড়কের পাশে গড়ে উঠা ছোট-বড় ১৫০ টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবকয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।