নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই দিন সকাল ৭টার দিকে শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবক মারা গেছে।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল কুমার শীল ওরফে প্রশান্ত (৪০) নিহত হন। তিনি রায়পুরার মেথিকান্দা এলাকার নারায়ণ চন্দ্র শীলের ছেলে। এ দুর্ঘটনায় তিন শিশুসহ ১১ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে সকালে শিবপুরে ট্রলি থেকে ছিটকে পড়ে মো. ছাব্বির মিয়া (২০) নামে এক যুবক নিহত হন। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি একটি ট্রলিতে ওঠেন। ট্রলিটি শিবপুর কলেজ গেট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তিনি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে জেলা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ছাব্বির স্থানীয় ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত