অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২০২২ শ্রেণির শিক্ষার্থীদের আনা 'ব্যক্তিগত আক্রোশের কারণে ফলাফলে ধ্বস নামিয়ে দেওয়ার অভিযোগ' খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
রবিবার (৩ মার্চ) রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেটের এক সদস্য নিশ্চিত করেছেন। গঠিত এই কমিটিতে উপ- উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে অন্য দুজন সদস্য হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।
অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে বিভাগের একজন নারী শিক্ষার্থী এবং রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের অপর এক নারী শিক্ষার্থীর আনা যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির প্রধান আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান। অন্য দুজন সদস্য হলেন- সিন্ডিকেট সদস্য ও হাজী মোহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান ও সহকারি প্রক্টর সঞ্চিতা গুহ।
সিন্ডিকেটকে প্রতিবেদন দিতে কমিটিকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়েছে। তাদের প্রতিবেদন পরবর্তীতে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হবে।