গাজীপুরের শ্রীপুরে এক আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (৪ মার্চ) মধ্যরাতে মাওনা ইউনিয়নের সিমলাপাড়া হাসিখালি ব্রিজ এলাকার মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
সড়কে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহলদল এগিয়ে গেলে ডাকাতদল পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এ সময় এক ডাকাতকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। এক ডাকাত সদস্য পালানোর সময় চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, কনেস্টবল মো. রুহুল আমিন (২৫) ও কনেস্টবল মোহাম্মদ সেলিম (৩৫)। তারা টহল দলের সদস্য ছিল।
পুলিশের হাতে আটক হওয়া ডাকাত সদস্যের নাম রুবেল মিয়া (২৭) । সে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
শ্রীপুর মডেল থানার এসআই এনায়েত কবির জানান একজন পুলিশ অফিসারের নেতৃত্বে কজন পুলিশ সদস্য রাতের নিয়মিত টহল ডিউটি করছিল। এমন সময় খবর আসে ওই এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চলছে। পরে সেখানে টহল টিম গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল হামলা করে তাদের ওপর। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এ সময় ডাকাতরা কুপিয়ে আহত করে পুলিশ সদসেদের। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক জানান, রাতেই আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান নাইট ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় এক ডাকাত দসস্যকে আটক করা হয়েছে। পুলিশ অন্য ডাকাতদের ধরতে কাজ শুরু করেছে। এখন থেকে অন্য সড়কেও পুলিশ টহল বাড়ানো হয়েছে।