বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান টুর্নামেন্ট চলাকালেই জানিয়েছিলেন, শিরোপা জিততে পারলে ট্রফি নিয়ে বরিশাল যাবেন। ২০২৪ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।
বরিশাল দলের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে তারিখ জানিয়েছেন মিজানুর রহমান। ৭ তারিখের পর যে কোনো দিন ট্রফি নিয়ে বরিশাল যাবেন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুকে ভিডিওতে তিনি মিজানুর বলেন, 'আমাদের সমর্থন করার জন্য ফরচুন বরিশালের সকল সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ট্রফি নিয়ে ৭ তারিখের পরপরই যেকোনো একদিন বরিশালে আসছি। আপনারা আমাদের এই উদযাপনের সাথে থাকুন।'
বরিশাল বিভাগের সব জেলার সমর্থককে ট্রফি উদযাপনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, 'বরিশাল বিভাগের সকল জেলার সমর্থককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ৭ তারিখের পর আমরা যেই তারিখ দেব ওই তারিখে আপনারা দয়া করে চলে আসবেন।'
দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেরা খেলোয়াড়ও হন তিনি।
বরিশাল দলে খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের প্রথম বিপিএল শিরোপাও এটি।