রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু কাল

বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত। এ বছর তিনটি ইউনিটে কোটা বাদে তিন হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট এক লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে পড়বেন ৪৪ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৫ মার্চ 'সি' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা, ৬ মার্চ 'এ' ইউনিট (মানবিক) ও ৭ মার্চ 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার শিফটে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

২০২৪ সালের ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু।

এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।